স্বল্প পুঁজি নিয়ে অল্প সময়ে লাভজনক হওয়ায় সৌখিন কবুতর পালনে আগ্রহী হয়েছেন মাদারীপুরের অনেক বেকার তরুণ। এক্ষেত্রে সহযোগিতা দিচ্ছে জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর।
নানান জাতের দেশী-বিদেশী সৌখিন কবুতরে ভরপুর মাদারীপুরের খামারিদের খামার। বছরে কয়েক জোড়া বাচ্চা দিচ্ছে এসব কবুতর।
খামারিরা বলছেন, ২০ থেকে চল্লিশ হাজার টাকা দিয়ে তারা কবুতর কিনেন, কবুতরের বাচ্চা একটু বড় হতেই তারা বিক্রি করছেন। এতে তারা লাভবান হচ্ছেন।
বাচ্চা একটু বড় হলেই পাঁচ থেকে ২৫ হাজার টাকা জোড়ায় বিক্রি করা হয়। প্রতি জোড়া শটপিস কবুতর বিক্রি হয় ২০ থেকে ২৫ হাজার টাকায়। স্টাটাস কিং এর দাম ১২ থেকে ১৫ হাজার টাকা। মাদারীপুর পৌর মার্কেটে প্রতি শুক্রবার বসছে কবুতরের হাট।
কবুতর পালনে খামারিদের সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর। মাদারীপুরের জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হুমায়ূণ কবির বলেন, বেকার যুবক কিংবা গৃহিনীরা সল্প খরচে এই লাভজনক ব্যবসা করে ভালো আয় করছে এবং স্বাবলম্বী হচ্ছে। তবে ইদানিং কবুতরের কয়েকটি রোগ দেখা দিচ্ছে যা আমরা ভ্যাক্সিনেশনের মাধ্যমে দূর করছি।
কবুতর পালনে খামারিদের আগ্রহী করে তুলতে প্রতি বছর কবুতর ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করে মাদারীপুর পিজিয়ন এসোসিয়েশন।






