গর্ভবর্তী মায়েদের মধ্যে যারা কফি খেতে পছন্দ করেন; কিন্তু বাচ্চার স্বাস্থ্যের কথা চিন্তা করে খান না, তাদের জন্য আছে সুখবর। ওহিও’র দ্য রিসার্চ ইন্সিটিটিউট অ্যাট ন্যাশনওয়াইড চিলড্রেনস’স হসপিটালের প্রফেসর মার্ক এ ক্ল্যাবেনোফ ও সারা এ কেইম নতুন এক গবেষণায় দেখেছেন, সীমিত পরিমাণ কফি খেলে এতে থাকা ক্যাফিন গর্ভবতী নারী ও তার গর্ভে থাকা শিশুর ওপর ক্ষতিকর প্রভাব ফেলে না।
ওই গবেষণায় আরো দেখা গেছে, দিনে এক বা দুই কাপ কফি খেলে তাতে থাকা ক্যাফিন মা ও বাচ্চার ওপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না। ভবিষ্যতে কোনো বাচ্চা যদি কিছুটা কম বুদ্ধি সম্পন্ন হয় বা মুটিয়ে যায় তার জন্য ক্যাফিন দায়ী নয়।
এতে আরো বলা হয়, জন্মের পর শিশুদের বেশি রাত পর্যন্ত জেগে থাকার কারণ কফি নয়।
এর আগে ১৯৫৯ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ২ হাজার ১৯৭ জন গর্ভবতী নারী ও জন্মের পর তাদের শিশুদের ওপর ক্যাফিনের প্রভাব নিয়ে একটি গবেষণা করা হয়েছিলো। ওই সময়টায় খুব কম মানুষই ক্যাফিনের প্রভাব নিয়ে চিন্তা করতেন।
আগের গবেষণার ওপর ভিত্তি করেই মার্ক ও কেইম নতুন করে এই গবেষণাটি পরিচালনা করেন।







