ক্রিকেটার কপিল দেবের বায়োপিকে অভিনয় করবেন বলিউড তারকা রণবীর সিং। ছবির সঙ্গে সংশ্লিষ্ট একজন আজ সোমবার এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
টুইটে জানানো হয় যে, `রণবীর সিং ভারতীয় ক্রিকেট তারকা কপিল দেবের বায়োপিকে অভিনয় করবেন।’
ছবিটি হবে স্পোর্টস ছবি। কাহিনীটি হবে ১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে। লন্ডনে অনুষ্ঠিত এই বিশ্বকাপে ইন্ডিয়া ট্রফি জেতে ওয়েষ্ট ইন্ডিজের বিপরীতে। এরপর থেকে ইন্ডিয়ান ক্রিকেটকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সেসময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন কপিল দেব। আর বাস্তবের কপিলকে এবার পর্দায় তুলে ধরবেন রণবীর সিং।
ছবিটি পরিচালনা করবেন কবির খান। ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমি মনে করি পর্দায় কপিল দেবকে ফুটিয়ে তোলার জন্য রণবীর সিং পারফেক্ট।’
রণবীর সিং কে সামনে দেখা যাবে সঞ্জয়লীলা বানসালির ইতিহাস নির্ভর ছবি ‘পদ্মাবতী’তে। এখানে তিনি আলাউদ্দীন খিলজির চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি মুক্তি পাবে আগামী পহেলা ডিসেম্বর। ইন্ডিয়ান এক্সপ্রেস।








