আবারো মা হলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সকালে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সদ্যজাত কন্যার ছবি শেয়ার করেন শিল্পা।
ইনস্টাগ্রামে তিনি লেখেন, ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন। অশেষ কৃতজ্ঞতা থেকে জানাচ্ছি, আমাদের ঘরে নতুন সদস্যের আগমন হয়েছে। কুন্দ্র পরিবারের কনিষ্ঠতম সদস্য— সমিশা শেঠি কুন্দ্র। সমিশা শব্দের অর্থ ‘ভগবানের মতো কাউকে পাওয়া’।
গত ১৫ ফেব্রুয়ারি শিল্পা ও রাজ দম্পতির কোলজুড়ে এসেছে তাদের দ্বিতীয় সন্তান। যদিও শিল্পার গর্ভবতীর হওয়ার বিষয়ে আগে থেকে কোন ধারণা পাওয়া যায়নি। ফলে ধারণা করা হচ্ছে, সারোগেসির মাধ্যমে জন্ম নিয়েছেন রাজ কুন্দ্র এবং শিল্পা শেঠি কুন্দ্রর কন্যা।
২০০৯ সালে শিল্পপতি রাজ কুন্দ্রর সঙ্গে বিয়ে হয়েছিল শিল্পা শেঠির। এরপর ২০১২ সালে তাঁদের প্রথম সন্তান ভিয়ানের জন্ম হয়।








