অমর কথাশিল্পী শওকত ওসমান-এর জন্মশতবর্ষ উদযাপনে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী উৎসব। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনের সামনে উন্মুক্ত চত্ত্বরে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট লেখক, রবীন্দ্র গবেষক ও প্রবন্ধকার আহমদ রফিক।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কয়েকটি দলীয় সঙ্গীত পরিবেশন করেন উদীচী’র শিল্পীরা।
তারা পরিবেশন করেন- “আমরা পূবে পশ্চিমে”, “মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই” অন্যান্য গান। এরপর শওকত ওসমান-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আহমদ রফিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্দালিব রাশদী।
কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যৌথ আয়োজনে এ উৎসব চলবে ৩ জানুয়ারি। অনুষ্ঠানস্থলের বাইরে প্রদর্শিত হচ্ছে শওকত ওসমান-এর জীবনের নানা পর্বে বিভিন্ন দুর্লভ আলোকচিত্র।
উৎসবের দ্বিতীয় দিন ৩ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।










