লোকেশ রাহুলকে বোল্ড করে দুর্দান্ত সূচনা এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। বাঁধভাঙা উচ্ছ্বাসেই উদযাপন করেছেন শুরুর সাফল্য। হায়দরাবাদ টেস্টে প্রথম দিন স্পট লাইটে থাকতে পারতেন তরুণ এই পেসারের ওপরই। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে বোলিংয়ে ধারটাও সেভাবে চোখে পড়েনি। বাকি বোলাররাও আহামরি কিছু করতে পারেননি। মাঝে কিছু সুযোগও হাতছাড়া হয়েছে।
প্রথম দিনটা তাই নিজেদের করে নিতে পেরেছে ভারত। ৩ উইকেটে ৩৫৬ রান, দ্বিতীয় দিন সেটা পাহাড়েসম রানের বোঝায় পরিণত হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
বিরাট কোহলি ১১১ ও আজিঙ্কা রাহানে ৪৫ রানে অপরাজিত থেকে যাওয়ায় নিঃসন্দেহে কপালে বাড়তি চিন্তার ভাঁজ নিয়েই ঘুমাতে যাওয়ার কথা টাইগার বোলারদের। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ কোথায় গিয়ে থামবে সেটি আঁচ করাই যে দুঃসহ কল্পনা হয়ে দাঁড়িয়েছে।
তারপরও বোলারদের একটি পরিকল্পনা তো থাকবেই। সেটি কী? দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ মাধ্যমের সামনে এসে তাসকিন জানালেন, ‘আমার পক্ষে আসলে বলা কঠিন তাদেরকে কত রানে বাঁধতে পারবো। তবুও তাদেরকে যদি সাড়ে চারশ’র মধ্যে আটকাতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে। যত কম রানে থামানো যায় সেটাই ভালো।’








