করোনায় টালমাটাল চারপাশ। স্থবিরতা ভেঙে ধীরে ধীরে জেগে উঠছে দেশের ক্রীড়াঙ্গন। সামনে অনেকগুলো আয়োজন। আগের মতো না হলেও সীমিত আকারে সেগুলো বাস্তবায়নের জন্য সবাইকে সাথে নিয়ে এক হয়ে কাজ করতে চায় ক্রীড়া মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ে এক হয়েছিলেন দেশের ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন বিওএ’র মহাসচিব শাহেদ রেজা।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সচিব মো. আখতার হোসেন, এনএসসি সচিব মাসুদ করিম, ক্রীড়া পরিদপ্তর পরিচালক ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীসহ অন্যরা।
প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি মন্ত্রণালয়ে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। এসময় দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া এবং স্টেডিয়াম উন্নয়নের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
উল্লেখ্য, জাতীয় ফুটবল দল এ মুহূর্তে বিশ্বকাপ বাছাই খেলছে কাতারে। ঢাকায় চলছে ঘরোয়া ক্রিকেটের আসর। সামনে জাতীয় দলের জিম্বাবুয়ে সফর এবং পরে একাধিক হোম সিরিজ খেলবে জাতীয় ক্রিকেট দল। ক্রিকেট-ফুটবল ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ইভেন্ট নিয়েও আলোচনা হয় দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষ কর্তাদের মধ্যে।







