কক্সবাজার সদর হাসপাতালে ‘চিকিৎসায় অবহেলার’ কারণে অগ্নিদগ্ধ এক রোগীর স্বজনরা দুই চিকিৎসককে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনার জেরে হাসপাতালের গেটে তালা লাগিয়ে চিকিৎসা সেবা বন্ধ রাখেন চিকিৎসকরা।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কক্সবাজার শহরের লাইট হাউস পাড়ার মোহাম্মদ ইসমাইলের পুত্র হাসান মাহমুদকে (৩৬) অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় চিকিৎসা দিতে দেরির অভিযোগে রোগীর স্বজনরা হৈ-চৈ করে চিকিৎসকের উপর হামলা করে।
পুলিশকে খবর দেয়া হলে পুলিশ আসার আগেই রোগীকে নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবয়াধক ডা. পচুনু জানান, হামলায় ২ জন চিকিৎসক আহত হয়েছেন।
হামলাকারীরা আটক না হওয়া পর্যন্ত চিকিৎসা সেবা বন্ধ থাকবে বলে জানান তিনি।
চিকিৎসা সেবা বন্ধ রাখায় হাসপাতালের ভেতরে-বাইরে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কক্সবাজার সদর থানার ওসি খন্দকার ফরিদ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।








