বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতকে দেশ ও বিশ্ব দরবারে আরো সুদৃঢ়ভাবে তুলে ধরার লক্ষে ৩ দিন ব্যাপি ‘দি লংগেস্ট ওয়াক ২০১৭’ আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে ১০০ কিলোমিটার হাঁটছেন ৩০ জন। অংশগ্রহনকারীর মধ্যে শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী মানুষ ও মুক্তিযোদ্ধারা রয়েছেন। অংশগ্রহনকারীরা হাটার পথে সৈকতে ময়লা আবর্জনা পরিস্কার করবেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট থেকে এ হাঁটার কার্যক্রম উদ্বোধন করা হয়। সৈকতের লাবনী পয়েন্ট থেকে শুরু হওয়া কার্যক্রম ১০০ কিলোমিটার হেঁটে ১৮ মার্চ টেকনাফের শাহপরির দ্বীপ পৌঁছবেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের প্রধান নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ নাছির উদ্দিন।
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্যুরিষ্ট পুলিশের সিনিয়র এএসপি হোসেইন মোহাম্মদ রায়হান কাজেমি, বেজক্যাম্পের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন।
বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার ও আউটডোর এক্টিভিটি প্রতিষ্টান বেজক্যাম্প বাংলাদেশ লিমিটেড এর আয়োজনে এ কার্যক্রমে সহ-আয়োজক রয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এতে সার্বিক সহায়তা করেন কক্সবাজার জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ।
‘দি লংগেস্ট ওয়াক’ এ ইনানি ও নোয়াখালি পাড়ায় দুটি নেচারক্যাম্প করা হবে। নেচারক্যাম্পের সময় আয়োজক কর্তৃপক্ষ স্থানীয় লোকজনকে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের করনীয় ও কক্সবাজারের পর্যটন সম্প্রসারণে তাদের ভূমিকা বিষয়ে সচেতনতা মূলক আলোচনা করবেন।








