সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারকারিদের মুক্তিপণের টাকা আদায়কারি চক্রের ২ সদস্যকে আটক করেছে বিজিবি ও পুলিশ। শনিবার সকালে টেকনাফ থানার পুলিশ অভিযান চালিয়ে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে মোহাম্মদ ইউসুফ নামের একজনকে আটক করেন।
শুক্রবার বিকাল ৫ টায় অভিযান চালিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে মনির উদ্দিন নামের আরো একজনকে আটক করেছেন বিজিবি।
পুলিশ ও বিজিবির দাবি আটক ২ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে অবৈধভাবে মালয়েশিয়া যাবার নাম করে পাচার হওয়া ব্যক্তিদের থাইল্যান্ড ও মালয়েশিয়া এজেন্টের মাধ্যমে মুক্তিপনের টাকা আদায়ের মাঠ পর্যায়ে কাজ করে। কক্সবাজার অঞ্চলের অবস্থিত বিভিন্ন প্রতারিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে তাদের ফিরিয়ে আনা হবে বলে বিপুল অর্থ সংগ্রহ করে ঢাকাতে জনৈক ব্যক্তির ইসলামী ব্যাংকের একাউন্টে পাঠায়।
ঢাকাতে অবস্থিত ওই ব্যক্তি টাকা প্রাপ্তির পর তা মালয়েশিয়াতে অজ্ঞাত দালালকে পাঠালে তারা প্রতারিত ব্যক্তিকে দেশে ফেরত আনার ব্যবস্থা করে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।







