চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. নুরুল আলম (৪০) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৮ যাত্রী আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল সাতটার দিকে চকরিয়া উপজেলার হারবাং লালব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আলম বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিনামারা এলাকার মোস্তাক আহমদের ছেলে।
আহতরা হলেন- সিলেটের মো. আজগর আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (২৮), সফিক আলীর ছেলে মো. শামিম (২৭), তোতা মিয়ার ছেলে লেদু মিয়া (৪৮), নোয়াখালীর অজি উল্লাহর ছেলে আশরাফ (২৫) তার ভাই কলিম উল্লাহ (৩৭) ও পেকুয়ার শিলখালী ইউনিয়নের আবুল কালামের ছেলে মিশকাত (২১) ও মো. শফির ছেলে মোজাফ্ফর হোসেন (২৮)।
চিরিঙ্গা হাইওয়ে ফাঁড়ির পুলিশ পরিদর্শক (আইসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চকরিয়ার হারবাং লালব্রীজ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলে মারা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর পর বাসটি পালিয়ে যায়। তবে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।









