কক্সবাজারে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল। সাবেক হয়ে যাওয়া জাতীয় ক্রিকেটারদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ৬ দলের এ টুর্নামেন্ট। সাবেকরা জানিয়েছেন বয়স কিংবা ফিটনেস কিছুই বাধা হবে না তাদের ক্রিকেট লড়াইয়ে।
সাগরতীরে কতটা উৎসবের মেজাজে সাবেক হয়ে যাওয়া জাতীয় দল কিংবা ঢাকা লীগের জাতীয় ক্রিকেটাররা। ৬টি ফ্র্যাঞ্চাইজিতে ভাগ করা হয়েছে এমন ১শ ক্রিকেটারকে। যাদের সবাই এখন কক্সবাজারে।
থেমে থেমে বৃষ্টি সেই সকাল থেকে। তবুও উৎসবে ভাটা পড়েনি একটুও। আকরাম-দুর্জয়-পাইলট-সুজন-হাবিবুল বাশাররা সবাই আছেন নিজ নিজ দল নিয়ে মাঠে নেমে পড়ার অপেক্ষায়। স্পষ্টই বলেছেন পূর্ণ প্রতিদ্বন্দ্বিতাই হবে ক্রিকেটে। 
শুধু কার্নিভাল হয়েই থাকছে না সাবেকদের এ আয়োজন। এখান থেকে আসা অর্থ কাজে লাগাতে চান অভাবে জীবন কাটছে এমন ক’জন সাবেক ক্রিকেটারের সংসারে। শিরোপা নিয়ে কেউই আপোস করতে চান না। সচেতন নিজ দলের কান্ডারিরা।
প্রাথমিকভাবে ১৬ ওভারের ম্যাচ হওয়ারই কথা, তবে বৃষ্টি হলে হবে বিকল্প ব্যবস্থা।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে, লংকা-বাংলা অল স্টারস মাস্টার্স, ইস্পাহানি চিটাগং মাস্টার্স, জাজ ভূঁইয়া ঢাকা ডিভিশন মাস্টার্স, কনফিডেন্স গ্রুপ ঢাকা মেট্রো মাস্টার্স, জেমকন গ্রুপ খুলনা মাস্টার্স, রেনেসা রাজশাহী মাস্টার্স।
টুর্নামেন্টের ফাইনাল মিরপুরে ৭ সেপ্টেম্বর, খেলা সরাসরি দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়।








