কক্সবাজারে পাহাড় ধসে মাটি চাপা পড়ে মা ও শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো ৩ জন।
রোববার রাত ২টায় কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়ার কবরস্থানের রাডার স্টেশন এলাকায় পাহাড় ধস হয়। ঘটনার পর পর সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে।
উদ্ধার কর্মীরা জানিয়েছেন, ধসের কারণে মাটির নিচে চাপা পড়েছে কয়েকটি বাড়ি। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২ জনকে জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃষ্টির জন্য উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ডক্টর অনুপম সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল।







