প্রিমিয়ার লিগে অনেক আগেই কক্ষচ্যুত আর্সেনাল। পয়েন্ট টেবিলে ছয়ে থেকে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে পড়ার শঙ্কায়। কোচ আর্সেন ওয়েঙ্গারের চাকরির মেয়াদও সমান দুর্ভাবনায়। তবে ইউরোপা কাপ দিয়ে আপাতত সেসব সামলাতে পারছে গানাররা।
ফরাসি কোচ ওয়েঙ্গারের চাকরি বাঁচিয়ে রাখার কাজটা আরেকবার করলেন তার দুই শিষ্য অ্যারন রামসে ও অ্যালেক্সান্ডার ল্যাকাজেত্তে। নিজেদের মাঠে বৃহস্পতিবার রাতে এ দুজনের জোড়া গোলে ইউরোপা লিগের শেষ আটের প্রথম লেগে সিএস্কে মস্কোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল।
বড় জয় পাওয়ায় আপাতত পরের লেগের দুশ্চিন্তা বাদ দিয়ে সেমিফাইনাল নিয়ে ভাবতে পারছেন ওয়েঙ্গার। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে ইউরোপা জয়ের বিকল্প নেই গানার কোচের সামনে।
শেষ চারের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়েও এখনই হিসেব কষে রাখতে হতে পারেন ওয়েঙ্গার। কারণ স্পোর্টিং সিপিকে ২-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। সলযভুর্গকে ৪-১ গোলে উড়িয়ে সেমির পথে এক পা দিয়ে রেখেছে ইতালিয়ান দল ল্যাজিও।







