শীতকালে খেলায় বিরতি পেলে খুশিতে কাঁদবেন বলে কথা দিয়েছিলেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। ইংলিশ প্রিমিয়ার লিগের আয়োজকরা সেই পথে হাঁটতে যাচ্ছে। নতুন টিভি স্বত্বে শীতকালীন বিরতির জন্য ফাঁক রেখে দরপত্র হাঁকানোর কথা জানিয়েছেন লিগ কর্তারা।
স্কাই স্পোর্টসের সঙ্গে ইপিএলের চলতি চুক্তি শেষ হবে ২০১৯ সালে। নতুন চুক্তি হবে ২০১৯-২০২২ পর্যন্ত। সেই চুক্তিতেই শীতকালে খেলোয়াড়দের ছোটখাটো একটা বিরতি দেওয়ার বিষয়টি মাথায় রেখেছে ইপিএল কর্তৃপক্ষ।
শীতকালজুড়ে ইপিএল হওয়া নিয়ে শুধু ওয়েঙ্গার নন, অনেকেরই আপত্তি আছে। গত ডিসেম্বরে প্রচণ্ড শীতের মধ্যে খেলা থাকায় বেজায় খেপেছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। ইপিএলকে দিয়েছিলেন ‘খেলোয়াড়-ঘাতী লিগ’ উপাধি।
শীতকালে ছোটখাটো বিরতি থাকে ইউরোপের প্রায় সব লিগেই। কেবল ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দলগুলোকেই তখন খেঁটে মরতে। বড়দিনের ছুটিতে সবাই যখন থাকে খোশ মেজাজে তখন মুখ কালো করে মাঠে ঘাম ঝরান খেলোয়াড়রা। এবার হয়তো তারা কিছুটা স্বস্তি পাবেন।







