শ্রীলঙ্কান ব্যাটসম্যান প্রস্তুত। বোলিং মার্কে ওয়াহাব রিয়াজ। দৌড় শুরু করলেন। আম্পায়ারের কাছে এসে থেমে গেলেন। আবার ফিরে গেলেন জায়গায়। আবার দৌড়। আবার থেমে গেলেন। আবার….। এভাবে পাঁচবার! পেসারের এমন কাণ্ড দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি পাকিস্তানের কোচ মিকি আর্থার। ড্রেসিংরুম থেকে বেরিয়ে যান।
অবাক করা এই ঘটনা ঘটেছে পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন।
নিজের ১৯তম ওভারের পঞ্চম বল করতে এসে এই কাজ করেন ওয়াহাব। অধিনায়ক সরফরাজ আহমেদ দ্বিতীয়বার থেকে প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন। রিয়াজকে কিছু বলতে যেয়েও থেমে যান এই উইকেটরক্ষক। ওদিকে সাজঘরে কোচ তো তেলেবেগুনে জ্বলতে থাকেন। এক ভিডিওতে দেখা গেছে পঞ্চমবার চেয়ার ছেড়ে গজগজ করতে করতে তিনি বেরিয়ে যাচ্ছেন।
পাঁচবার রানআপ নিয়ে বল না করে কোচকে খেপিয়ে তুললেও রিয়াজ পরে ঠিকই তার মন জয় করেছেন। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৩৪ রান তুলতে পাঁচ উইকেট হারায়। তার মধ্যে রিয়াজের দখলে তিনটি।

সংযুক্ত আরব আমিরাতে টস জিতে ব্যাট নিয়ে প্রথম ইনিংসে ৪৮২ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে পাকিস্তান গুটিয়ে যায় ২৬২ রানে।
দ্বিতীয় ইনিংসে বল করতে নেমেই কী এক জাদুমন্ত্রে বদলে যায় সরফরাজের দল। ৩ রানের মাথায় কুশল সিলভাকে দিয়ে শুরু করেন মোহাম্মদ আব্বাস। এরপর আঘাত হানেন ওয়াহাব রিয়াজ। আগের ইনিংসে ১৯৬ রান তোলা দিমুথ করুনারন্তেকে ৭ রানে সাজঘরে ফেরান। রিয়াজ পরে দ্রুত আরও দুজনকে ফেরান। মাঝখানে এক উইকেট নেন ইয়াসির শাহ। এই টেস্টে এখন পর্যন্ত সাতটি উইকেট নিলেন তিনি।









