পাইপের মাধ্যমে বাসাবাড়িতে সরবরাহ করা ওয়াসার পানির মান পরীক্ষায় ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। এ কমিটিকে আগামী দুই মাসের মধ্যে ঢাকা ওয়াসার পানির মান পরীক্ষা করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আর এ কমিটিতে স্থানীয় সরকার প্রশাসন, বুয়েটের ব্যুরো অব রিসার্চ টেস্টিং অ্যন্ড কনসালটেশন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি ও বায়োলজিক্যাল সায়েন্সে বিভাগ ও আইসিডিডিআরবি’র প্রতিনিধি রাখতে বলা হয়েছে।
এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
আদালত তার রুলে, ওয়াসার নিরাপদ পানি সরবরাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নিরাপদ পানি সরবরাহে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেয়া হবে না, জানতে চেয়েছেন। স্থানীয় সরকার প্রশাসন, স্বাস্থ্য সচিব, জনস্বাস্থ্য প্রকৌশলের প্রধান প্রকৌশলী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদেশের পর আইনজীবী তানভীর আহমেদ বলেন, “আদেশে আদালত আপাতত ঢাকা ওয়াসার পানির মান পরীক্ষা করতে বলেছে।”
ঢাকাসহ সারা দেশে সরবরাহকৃত ওয়াসার পানি অনিরাপদ পানিতে ব্যাকটেরিয়াসহ নানা ক্ষতিকর উপাদান রয়েছে। এ বিষয়ে বিশ্বব্যাংক একটি প্রতিবেদন প্রকাশ করে। সে প্রতিবেদনের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। সেসব প্রতিবেদন যুক্ত করে গত ১৪ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ একটি রিট করেন। সে রিটের শুনানি নিয়ে আদালত রুলসহ আদেশ দিলেন।







