বিশ্বকাপে এখনো নিজের সেরাটা দেয়া বাকি আছে ডেভিড ওয়ার্নারের। এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। এবারের বিশ্বকাপে এক নতুন ডেভিড ওয়ার্নারকে দেখা যাচ্ছে। এমন মত আবার মাইকেল স্লেটারের।
অজি সাবেক ওপেনার বলেছেন, ‘আমার মনে হচ্ছে, এ এক নতুন ওয়ার্নার। এখন সে অনেক বেশি চিন্তা-ভাবনা করে খেলছে। ওয়ার্নারের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় নিচ্ছে। নিজের দায়িত্বটাও আরও বেশি করে বুঝতে পারছে।’
নিজের কলামে স্টিভ ওয়াহ লিখেছেন, ‘ওয়ার্নারের ফেরারি এখন ফাস্ট গিয়ারে চলছে। সেকেন্ড গিয়ারে ওঠার অপেক্ষা। সেটা হয়তো সেমিফাইনাল থেকেই। তার জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে।’
বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন ওয়ার্নার। ফিরেছেন বিশ্বকাপে। ফিরেই রান পেয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে করেছেন হাফসেঞ্চুরি। তবে ভারতের বিরুদ্ধে তার ধীরগতির ব্যাটিং নিয়ে সমালোচনা হয়েছিল।
বিশ্বকাপের আগে আইপিএলেও দুর্দান্ত ফর্মে ছিলেন ওয়ার্নার। সবচেয়ে বেশি রানের মালিক হয়ে কমলা টুপিও মাথায় তুলেছেন। সেই প্রসঙ্গ টেনে এনে স্লেটার বলেছেন, ‘ওয়ার্নার আইপিএলে কমলা টুপি জিতেছে। সেই কারণে আমরা ভেবেছি, সূর্য আবার আলো ছড়াতে শুরু করবে। ওয়ার্নার বিশ্বকাপে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। আমরা আবার সেই পুরোনো ডেভিড ওয়ার্নারকে দেখতে পাবো।’
অস্ট্রেলিয়ার পরের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। ট্রেন্ট ব্রিজে বৃহস্পতিবার এই লড়াই মোটেই সহজ হবে না অস্ট্রেলিয়ার। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এখন আত্মবিশ্বাসের তুঙ্গে টাইগাররা। দারুণ ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। ওয়ার্নারের ব্যাটে ঝড় আটকাতে বাংলাদেশ বোলাররাও অঙ্ক কষছেন।
বাংলাদেশের বিপক্ষে কঠিন পরীক্ষার ম্যাচেই আবার দলে ফিরছেন অজি দলের অপরিহার্য অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। ক্রিকেট অস্ট্রেলিয়াএইউ জানাচ্ছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দুদিন আগে পিঠের ইনজুরি থেকে সেরে উঠতে কঠোর অনুশীলন শুরু করেছেন তিনি।
তবে কোচ জাস্টিন ল্যাঙ্গার সেরা একাদশে স্টয়নিসের থাকার বিষয়ে নিশ্চয়তা দেননি। যদিও তিনি বলেছেন, ১৫ জনের স্কোয়াডে যথারীতি থাকবেন এ অলরাউন্ডার।
স্টয়নিসের ইনজুরির কারণে কভারআপ হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের সহ-অধিনায়ক মিশেল মার্শ। কিন্তু স্টয়নিস অনুশীলনে ফেরায় মার্শ আবার নর্দাম্পটনে থাকা ‘এ’ দলের সঙ্গে যোগ দিয়েছেন।
দুই ম্যাচ মিস করার পর বুধবার অনুশীলনে প্রায় একঘণ্টা বল করেছেন স্টয়নিস। অনুশীলনে ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং করার সময় কোনো ব্যথা অনুভব করেননি।
কোচ ল্যাঙ্গার বলছেন, ১০দিন আগে আঘাত পাওয়ার পর থেকেই নিজের ফিটনেস প্রমাণে দৃঢ়প্রতিজ্ঞ স্টয়নিস, ‘আমরা তাকে পর্যবেক্ষণ করছি, তিনি একজন সেরা অ্যাথলেট এবং একজন সেরা পেশাদার।’








