সিরিজে এগিয়ে যাওয়ার ম্যাচ ছিল। যদিও জেতা হয়নি। হারতেও হয়নি। রাঁচিতে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে ড্র করে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। তাতে আগাগোড়া ব্যাটসম্যানদের অবদান। অধিনায়ক স্টিভেন স্মিথ বড় সেঞ্চুরি করেছেন। তবে প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি করে দলকে বাঁচানো গ্লেন ম্যাক্সওয়েলের ইনিংসটিও বিশেষ গুরুত্ব পাচ্ছে ডেভিড ওয়ার্নারের কাছে।
ম্যাক্সওয়েল অজি টেস্ট দলে সুযোগ পাচ্ছিলেন না। দীর্ঘদিন পর প্রথম সুযোগেই সেঞ্চুরি। সেটিও দলের মহা প্রয়োজনের সময়। স্মিথের সঙ্গে দুইশর কাছাকাছি জুটি। মিডল অর্ডার ব্যাটসম্যানের এই শতককে তাই সবদিক থেকে অসাধারণই বলছেন ওয়ার্নার। ম্যাক্সওয়েলের ব্যাটে অজিদের আরো অনেক দুর্দান্ত ইনিংস প্রাপ্তি সম্ভব উল্লেখ করে বলেছেন, ‘ম্যাক্সির সেঞ্চুরি তো কেবল শুরু, ও একজন জাত ক্রিকেটার, অস্ট্রেলিয়াকে সাদা জার্সিতে দেওয়ার অনেক কিছু রয়েছে তার।’
‘ওই মুহূর্তে সেঞ্চুরিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এক কথায় ম্যাক্সির সেঞ্চুরিটা ছিল বিস্ময়কর এবং সঠিক সময়ে করা। আমি মনে করি ও অনেকদিনই টেস্ট ক্রিকেট খেলতে পারবে।’ সতীর্থ প্রসঙ্গে ওয়ার্নারের অভিমত।
ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার ক্রিকেটের দ্বিতীয় ব্যাটসম্যান যিনি তিন ফরম্যাটের ক্রিকেটেই সেঞ্চুরি করার গৌরবে নাম লেখালেন। যে রেকর্ডটি ছোঁয়া হয়নি ওয়ার্নার-স্মিথেরও। কেবল শেন ওয়াটসনেরই আছে অজিদের জার্সিতে সব ফরম্যাটে শতক করার কীর্তিত্ব।







