বিপিএলে দারুণ বোলিং করার সুবাদে ওয়ানডের পাশাপাশি টেস্ট দলেও ফিরেছেন তাসকিন আহমেদ। গতির কথা চিন্তা করে নিউজিল্যান্ড সফরের দলে এ পেসারকে ফেরানো হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
চোট ও ফর্মহীনতার কারণে অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন তাসকিন। বিপিএলে তাকে দেখা গেছে পুরনো ছন্দে। সিলেট সিক্সার্সের হয়ে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে নির্বাচকদের আস্থা অর্জনের পর ওয়ানডে ও টেস্ট দলে ফিরলেন ২৩ বছর বয়সী এ পেসার।
তাসকিন সবশেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালের সেপ্টেম্বরে, সাউথ আফ্রিকা সফরে। আর শেষ ওয়ানডে খেলেছেন ওই সফরেই।
দুই সংস্করণ থেকেই বাদ পড়েছেন ওপেনার ইমরুল কায়েস। টেস্ট দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, আরিফুল হক।
টিকে গেছেন উইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজ দারুণ খেলা সাদমান ইসলাম ও নাঈম হাসান।
বিপিএল শেষ করেই নিউজিল্যান্ড চলে যাবে বাংলাদেশ দল। আগামী ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ২৮ ফেব্রুয়ারি শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ।









