সাউথ আফ্রিকা সফরে হঠাৎ করেই বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন মুমিনুল হক। সীমিত ওভারের ক্রিকেটে উপেক্ষার দিন বুঝি শেষ হয়ে এল, তখন আলোচনা ছিল এমনই। একাদশে সুযোগ না পেলেও আড়াই বছর পর রঙিন পোশাকের দলে অন্তর্ভুক্তি, ভবিষ্যতের আশা, সবই আবার নিভে যাওয়ার জোগাড়! ত্রিদেশীয় সিরিজে তার দলে থাকার সম্ভাবনা যে শূন্যের কোটায়!
ত্রিদেশীয় সিরিজ, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ৩২ সদস্যের। শনিবার তারা নিজেদের মধ্যে খেলবে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ। বিসিবি লাল ও বিসিবি সবুজ দল নামে ভাগ হয়ে। বৃহস্পতিবার দুই দলের ১২ জন করে ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বিসিবি। সেখানে নেই মুমিনুলের নাম!
বৃহস্পতিবার শুরু হওয়া টাইগারদের স্কিল অনুশীলনের প্রথমদিনেও আড়ালেই ছিলেন মুমিনুল। টপঅর্ডার ব্যাটসম্যানরা শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করলেও তিনি ব্যাটিং করেছেন একাডেমি মাঠের নেটে। ওয়ানডে দলে বিবেচনায় নেই বলেই হয়ত টেস্টের জন্য আলাদা করে অনুশীলন করছেন বাঁহাতি ব্যাটসম্যান! টেস্ট ব্যাটসম্যানের তকমা লেগে যাওয়া মুমিনুল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ সালের বিশ্বকাপে।
আগামী ৭ জানুয়ারি ঘোষণা করা হতে পারে ত্রিদেশীয় সিরিজের দল। তার আগেরদিনই প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে টাইগাররা। বিসিবি লাল দলের অধিনায়ক হিসেবে থাকবেন সাকিব আল হাসান। আর সবুজ দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। দল ঘোষণার পর ৯ জানুয়ারি হবে আরও একটি প্রস্তুতি ম্যাচ।
বিসিবি লাল দল
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আরিফুল হক, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, রুবেল হোসেন, আবুল হাসান রাজু।
বিসিবি সবুজ দল
ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহি, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।







