বোলিং ক্রিজে নিল ওয়াগনার থাকলে অনিবার্যভাবে কিছু ঘটে— ক্রাইস্টচার্চ টেস্টে এমনটা যেন প্রতিষ্ঠিত করে ফেলেছেন কিউই বাঁহাতি পেসার। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার বড় স্কোরে বাধা হয়ে দাঁড়ানো পেসার তৃতীয় দিনে ম্যাচে ফেরালেন নিউজিল্যান্ডকে। হিসেব-নিকেশ এখনও বহুদূরে। অবশ্য যদি-কিন্তুর প্রভাব ধরে রেখেছেন ওয়াগনার।
প্রথম ইনিংসে সাউথ আফ্রিকাকে গুঁড়িয়ে ওয়াগনারের বীরত্ব ম্যাচের দৃশ্যপট পাল্টে দিয়েছে। তৃতীয় দিনে ফন ডার ডুসেন ও বাভুমাকে ফিরিয়ে স্বাগতিকদের কার্যত লড়াইয়ে ফিরিয়েছেন তিনিই। যদিও দিনের নায়ক বিচারে এগিয়ে থাকবেন শতক হাঁকানো কলিন ডি গ্র্যান্ডহোম।
সংক্ষিপ্ত স্কোর: সাউথ আফ্রিকা: ৩৬৪ ও ১৪০/৫; নিউজিল্যান্ড: ২৯৩ (তৃতীয় দিন শেষে)
ক্রাইস্টচার্চ টেস্টে তৃতীয় দিনটা অবশ্য পুরোপুরি নিজের করতে পারেনি কোনো পক্ষই। লড়াইয়ে ফেরার আভাস রেখেছে নিউজিল্যান্ড। উইকেট-রানের হিসেবে সফরকারী সাউথ আফ্রিকা নিজেদের এগোনো ভাবতে পারে। তাদের পেছানোর টোটকা জানা আছে কলিন ডি গ্র্যান্ডহোমের।
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ত্রাতা ডানহাতি ব্যাটারের মতে, ‘আমি মনে করি, টেস্টে দুদল ভারসাম্যে আছে। তারা(প্রোটিয়া) কিছুটা এগিয়ে, তবে সোমবার শুরুতেই যদি দ্রুত উইকেট তুলতে পারি, আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারব।’
দ্বিতীয় দিনে ১৫৭ রানে ৫ উইকেট হাতে নিয়ে শুরু করা কিউইরা থামে ২৯৩ রানে। ২৩ রান থেকে নতুন দিনে আরও ৩৭ রান যোগ করে ফেরেন ড্যারিল মিচেল (৬০)।
পরে একপ্রান্তে জানসেন-রাবাদা তোপে আসা-যাওয়া চললেও নিজের দ্বিতীয় শতক তুলে নেন ডি গ্র্যান্ডহোম। ২৭ টেস্টে কিউইদের হয়ে হাঁকান ক্যারিয়ার সেরা ১২০ রান। দলকে এনে দেন ভালো সংগ্রহ।
গ্র্যান্ডহোমকে ফেরাতে না পারলেও দারুণ একটা দিন পার করেছেন প্রোটিয়া দুই পেসার কাগিসো রাবাদা ও মার্কো জানসেন। দুইয়ে মিলে তুলেছেন স্বাগতিকদের ৯ উইকেট। মিচেলকে ফিরিয়ে বড় কাজটা করেছেন স্পিনার কেশব মহারাজ।
তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসের ৫৩ ওভার ব্যাট করেছে সাউথ আফ্রিকা। দিন শেষে ৫ উইকেট হাতে থাকার পাশাপাশি তারা এগিয়ে ২১১ রানে। ম্যাচ সফরকারীরা আরও আয়ত্তে নিয়ে আসতে পারতো ওয়াগনারের তোপ এড়াতে পারলে।
দ্বিতীয় ইনিংসে শুরুটা বাজে করে সাউথ আফ্রিকা। ১২ রানে সারেল এরউই ফেরার পর ৩৮ রানে আরও দুটি উইকেট হারায় তারা। সেখান থেকে ৬১ রানের জুটি গড়ে কিউইদের ব্যাকফুটে ঠেলে দেন ফন ডার ডুসেন ও বাভুমা।
দলীয় ১০৩ রানের মাথায় ডুসেনকে ফাঁদে ফেলেন ওয়াগনার। কিউইদের স্বভাবসুলভ উদযাপনের বাইরে গিয়ে কিউই পেসারের উগ্র উদযাপনই প্রমাণ করে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন ডুসেন। ৩৫ বর্ষী বাঁহাতি পেসার ৯ ওভারের স্পেলে ফেরান টেম্বা বাভুমাকেও। যা দিন শেষে কিছুটা স্বস্তি দিচ্ছে স্বাগতিকদের।
হ্যাগলি ওভালে সিরিজে পিছিয়ে পড়া সাউথ আফ্রিকা সোমবার শুরু করবে ১৪০ রানে থেকে। ৫ উইকেট হাতে রেখে ২২ রানে কাইল ভেরেন্নি ও ১০ রানে মুলডার শুরু করবেন চতুর্থ দিন।







