লোগো উন্মোচনের মধ্য দিয়ে চ্যানেল আই ইয়াং লিডার্স প্রোগ্রাম, ওয়াইএলপি পাওয়ার্ড বাই ইনসেপ্টার ৪র্থ আসরের পর্দা উঠলো। একইসঙ্গে শুরু হয়ে গেলো নিবন্ধনও। দেশকে হৃদয়ে ধারণ করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ওয়াইএলপির ফিউচার লিডাররা এগিয়ে আসবেন বলে বিশিষ্টজনরা আশা করছেন।
তারুণ্যের মেধা আর শক্তিকে পুঁজি করে আগামীর নেতৃত্ব তৈরিতে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন ইয়াং লিডারশিপ প্রোগ্রাম বা ওয়াইএলপি।
ওয়েস্টিন হোটেলে লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয়ে গেলো এবারের আসর। মূল উদ্দেশ্য জানালেন আয়োজনের প্রধান বিচারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির।
ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টার পৃষ্ঠপোষকতায় এবার চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
গত ৩ বছরে এই রিয়ালিটি শো’র মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ জন মেধাবী শিক্ষার্থী। স্কলারশিপ নিয়ে তারা উচ্চশিক্ষা নিয়েছেন ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম ও মালয়েশিয়ায়। আগামীর নেতৃত্ব উন্নত বাংলাদেশের ধারা এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছেন এখনকার নেতৃত্ব।
তারুণ্যদীপ্ত ভবিষ্যৎ লিডারদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কেএম নুরুন্নবী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, ইমপ্রেস টেলিফিল্ম লিঃ চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিচারক তসলিম আহমেদ, প্রকল্প প্রধান ফারজানা ব্রাউনিয়াসহ বিশিষ্টজনরা।
চ্যানেল আই ওয়াইএলপি পাওয়ার্ড বাই ইনসেপ্টার এই আয়োজনে অংশ নিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন করা শিক্ষার্থীরা আগামী ২৫ অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে পারবেন ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ওয়াইএলপি সিএইচআই ডট কম এই ঠিকানায়। বিভিন্ন পর্যায় পেরিয়ে বিচারকরা স্কলারশিপের জন্যে নির্বাচিত করবেন ১০ মেধাবী শিক্ষার্থীকে।







