নানা বিতর্কের মধ্যে থাকা বার্সেলোনার ভরসা ওষুধ কোম্পানি। নিজেদের আর্থিক অবস্থান শক্ত করতে তারা ওষুধ কোম্পানির দিকেই ঝুঁকছে। ন্যু ক্যাম্পের নতুন স্পন্সর তালিকায় সবার উপরে আছে কাতালান-ভিক্তিক কোম্পানি গ্রিফলস।
বিশ্বের শীর্ষস্থানীয় বহুজাতিক ওষুধ কোম্পানি গ্রিফলস রক্তরসের (ব্লাড প্লাসমা) মত গুরুত্বপূর্ণ উপাদান উৎপাদন ও সরবরাহ করে। বার্সেলোনা-ভিত্তিক গ্রিফলস ২০১৫ সালে ৫০০ মিলিয়ন ইউরোর বেশি লাভ করেছে।
রেডিও কাতালোনিয়ার দাবি, উভয় পক্ষের মধ্যে আলোচনার বেশ অগ্রগতি হয়েছে এবং প্রতি মৌসুমে ১৫ মিলিয়ন ইউরোতে ৩০ বছরের চুক্তিতে তারা সম্মত হতে যাচ্ছে।
বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান হিসেব দিয়ে বলছে, এই অংকে চুক্তি হলে অন্যসব বিজ্ঞাপনসহ বার্সার প্রত্যাশিত ২০০ মিলিয়ন ইউরো টার্গেট ছাড়িয়ে যাবে।
এছাড়া ২০০ মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মিটলাইফ স্টেডিয়ামের নাম পরিবর্তনের বিশ্বরেকর্ডও ভেঙে দেবে বার্সা।







