টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ থেকে ওয়েস্ট ইন্ডিজের পথে রওনা হয়েছেন ১০ ক্রিকেটার। লন্ডন হয়ে লিটন-মুমিনুল-তাইজুলরা পৌঁছাবেন ক্যারিবিয়ানে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে যারা ছিলেন তারা যোগ দেবেন দুবাই থেকে।
উইন্ডিজে বাংলাদেশ এবার খেলবে তিন সংস্করণের সিরিজ। ২২ নভেম্বর অ্যান্টিগায় প্রথম টেস্ট শুরু, ৩০ নভেম্বর জ্যামাইকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। দুই টেস্ট দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করবে বাংলাদেশ।
সিরিজের আগে ১৫ নভেম্বর থেকে একটা চারদিনের প্রস্তুতি ম্যাচও আছে। ডিসেম্বরে ওয়ানডে সিরিজ পুরোটা হবে সেন্ট কিটসে, টুয়েন্টি সিরিজ হবে সেন্ট ভিনসেন্টে।
চোটের কারণে টেস্ট সিরিজে থাকতে পারছেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দল ঘোষণার আগেই ছিটকে যান মুশফিক। পরে সিরিজ থেকে ছিটকে যান শান্ত। তার বিকল্প হিসেবে কারো নাম ঘোষণা করেনি বিসিবি। টেস্টের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেতৃত্ব দেবেন দলকে।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।






