মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে বহুগুণ ভালো মানের একজন নেতা উল্লেখ করে তার ব্যাপক প্রশংসা করেন।
প্রবীণ সেনা কর্মকর্তাদের এক অনুষ্ঠানে প্রশ্নোত্তরের এক পর্যায়ে ট্রাম্প বলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে ওবামার চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেক বেশি দক্ষতার পরিচয় দিয়েছেন।
রাশিয়া বৈশ্বিক অস্থিরতার বীজ বপন করছে – পেন্টাগন প্রধানের করা এমন অভিযোগের পরপরই পুতিনের প্রশংসা করলেন ট্রাম্প।
নিউ ইয়র্কে আয়োজিত ওই অনুষ্ঠানে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনও অভিজ্ঞ সেনা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। ইমেইল কেলেঙ্কারির পরও নিজের বক্তব্য ও অবস্থানের পক্ষে যুক্তি দেন তিনি। অনুষ্ঠানে দুই প্রার্থীই আধ ঘণ্টা করে সময় পেয়েছিলেন।
এর আগে ফিলাডেলফিয়ার নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়াবেন।
এমনকি ক্ষমতা গ্রহণের ৩০ দিনের মধ্যে আইএস নির্মূলের পরিকল্পনার কথাও জানান মার্কিন নির্বাচনে এ প্রেসিডেন্ট প্রার্থী।








