মালয়েশিয়া মূল দল আসেনি। দ্বিতীয় সারির দল নিয়ে ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড-২ খেলতে বাংলাদেশে এসেছে দেশটি। সেই ‘দ্বিতীয় সারি’র মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে গেলেন জিমি-চয়নরা।
ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় জলিল মারহানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। পরে ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাজি রহিম।
অন্যদিকে প্রথম ৩০ মিনিট পর্যন্ত কোন আহামরি আক্রমণই শানাতে পারেনি বাংলাদেশ। এই সময়ে কেবল একটি মাত্র পেনাল্টি কর্নার পেয়েছিল স্বাগতিকরা। সেটি থেকেও গোল করতে ব্যর্থ হয়েছেন সারোয়ার হোসেন।
তবে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ হাতছাড়া করেছেন স্বাগতিক খেলোয়াড়রা। সমন্বয়হীনতায় বারবার প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাছে খেই হারিয়েছেন। উল্টো ৫৪ মিনিটে আইমান রোসমির ফিল্ড গোলে ব্যবধান ৩-০ করে মালয়েশিয়া।
ম্যাচের ৫৫ মিনিটে নিজেদের সেরা সুযোগটি হারিয়েছে বাংলাদেশ। অধিনায়ক জিমির দেয়া পাস কাজে লাগাতে পারেননি আরশাদ। শেষ পর্যন্ত ওই ৩-০ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় জিমিদের।

খেলা শেষে অভিজ্ঞতার অভাবকেই দুষলেন বাংলাদেশের কোচ অলিভার কার্টজ, ‘দেখুন, মালয়েশিয়া র্যাঙ্কিংয়ে ১৩ আর আমরা ৩২। ওদের অনূর্ধ্ব-১৭ ও ১৮ দলটা সারা বছর খেলার মধ্যে থাকে, এশিয়া কাপ খেলে। এই বয়সে অভিজ্ঞতার কমতি নেই। আমরা ওদের অভিজ্ঞতার কাছেই হেরে গেছি। তবে আজ তুলনামূলক ভালোই খেলেছি আমরা। পরের খেলাগুলোতে শুধু একটু আত্মবিশ্বাস আর জায়গা মতো বল মারাটাই দরকার।’
দিনের অন্য খেলাগুলোতে চায়না ৭-৩ গোলে ঘানাকে, মিসর ৬-২ গোলে শ্রীলঙ্কাকে এবং ওমান ৭-০ গোলে ফিজিকে উড়িয়ে দিয়েছে। রোববার বিকাল ৪টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিজির মুখোমুখি হবে বাংলাদেশ।
ছবি: ওবায়দুল হক তুহিন








