চলে গেলেন কৃষ্ণরাজ রাই (৭৫), ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবা। আজ শনিবার বিকাল চারটা নাগাদ মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তার জীবনাবসান হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। গত জানুয়ারি মাসে অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। গত কয়েকদিন ধরে জীবন–মৃত্যুর সঙ্গে লড়াই করেন কৃষ্ণরাজ রাই। আজ সন্ধ্যায় হাসপাতাল থেকে জানানো হয়েছে, ক্যানসারের পাশাপাশি বয়সজনিত নানা সমস্যা ছিল তার।
গত জানুয়ারি মাসে অসুস্থ হয়ে পড়েন কৃষ্ণরাজ রাই। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে দুবাই সফর সংক্ষিপ্ত করে দ্রুত মুম্বাই ফিরে আসেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন।
তাকে দেখতে কয়েকবার হাসপাতালে যান অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। পাশাপাশি হাসপাতালে ফোন করেও তারা নিয়মিত খোঁজ–খবর নিয়েছেন। কৃষ্ণরাজ রাই অসুস্থ হয়ে পড়ায় এ বছর হোলি খেলেননি বচ্চন পরিবারের কোনো সদস্য। কোনো পার্টিরও আয়োজন হয়নি ‘জলসা’য়।
কৃষ্ণরাজ রাইয়ের মৃত্যু সংবাদ শুনে বলিউডের অনেকেই ঐশ্বরিয়া রাইকে সমবেদনা জানিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।








