পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় মৃত্যদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানের মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে হাইকোর্টে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১০ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় ঐশীকে হাইকোর্টে হাজির করতে আইজি প্রিজনকে নির্দেশ দিয়েছেন আদালত।
ঐশীর ডেথ রেফারেন্স ও আপিলের শুনানিকালে সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে ঐশীর পক্ষে ছিলেন আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী। পরে তিনি বলেন, ঘটনার সময় ঐশী মানসিক বিকারগ্রস্ত ছিলেন। কোনো স্বাভাবিক মানুষ তার পিতা-মাতাকে হত্যা করতে পারে না। তাই মৃত্যুদণ্ডের সাজা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে যুক্তি তুলে ধরলে আদালত ঐশী বর্তমানে কোন কারাগারে আছে জানতে চান। ঐশীর কাশিমপুর কারাগারে আছেন জানানোর পর আদালত ঐশীকে হাজিরের নির্দেশ দেন।
গত ১২ মার্চ পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় মৃত্যদণ্ড পাওয়া তাদের মেয়ে ঐশীর ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়।







