মাত্রই ঘড়ির কাঁটা রাত আটটার ঘর ছুঁয়েছে। চ্যানেল আই প্রাঙ্গণে উনিশের উচ্ছ্বাসে শুরু হওয়া দিনব্যাপী অনুষ্ঠানের শেষ আয়োজন শুরু হলো। প্রথমেই ভরাট গলায় দর্শকদের অভিবাদন জানালেন উপস্থাপক অপু মাহফুজ।
অভিবাদন শেষ হতেই রেড কার্পেটে উদয় হলেন মিতালী মুখার্জি। ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’ গানের শিল্পী বসবাস করছেন ভারতে। চ্যানেল আইয়ের প্রতি ভালোবাসার টানে ছুটে এসেছেন। উপস্থাপক ফাবলিহা বুশরাকে বললেন, ‘বিদেশে থাকি বটে, মন পড়ে থাকে বাংলাদেশে।’
গানের মানুষ মিতালী মুখার্জিকে গানে গানে স্টুডিওতে স্বাগত জানালেন অপু মাহফুজ।
আবুল হায়াতকে দেখা গেল রেড কার্পেটে। উপস্থাপক দিলরুবা সাথীকে বললেন, ‘চ্যানেল আইয়ের জন্মলগ্ন থেকেই আমরা একসাতে আছি। চ্যানেল আই আমাকে পরিচালক বানিয়েছে। সে হিসেবে চ্যানেল আই আমার নিজের বাড়ি। নিজের বাড়িতে রেড কার্পেটে চড়তে ভালো লাগছে। ’

এরপর এলেন চ্যানেল আই’র তিন আবিষ্কার কোনাল, মৌসুমি হামিদ ও সাজ্জাদ। তিনজন একত্রে বললেন, ‘আজ আমাদের জন্মদিন। চ্যানেল আই আমাদের চলার পথে পরিবারের মতো পাশে রয়েছে। আজ মনে হচ্ছে আমাদের বয়সও ১৯।’
তারিক আনাম খান এলেন গালভরা হাসি নিয়ে। তিনি বললেন, ‘সুযোগ্য নেতৃত্বের কারণে চ্যানেল আই আজ এখানে।’
এভাবে একে একে লাল গালিচা মাড়িয়ে স্টুডিও আলোকিত করলেন আজিজুল হাকিম, জিনাত হাকিম, আনিসুর রহমান মিলন, সালাহউদ্দিন লাভলু, মিশু সাব্বির, চিত্রনায়িকা পূর্ণিমা, নাইম, নাদিয়া, রিয়াজ, মম, সুমাইয়া শিমু, ঈপ্সিতা, অপু বিশ্বাস, পপি, মিশা শওদাগর, সায়মন সাদিক, ইমন, সালমান মুক্তাদির, ছোট আজাদ, সাফা কবিরসহ বিনোদন জগতের তারকারা।
তারা চ্যানেল আইকে শুভেচ্ছা জানিয়ে অংশ নেন মজার মজার সব খেলায়। অপু মাহফুজের উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি প্রচার হয় চ্যানেল আই ও চ্যানেল ফেসবুক পেজে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত হন গণমাধ্য ও কৃষি ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তারকাদের উদ্দেশে তিনি বলেন, ‘ আপনারা এসেছেন আমি অনেক খুশি হয়েছি। আমার মতো কোটি দর্শকও খুশি হয়েছে। আপনাদের সবাইকে একত্রে এভাবে পাওয়া যায় না। চ্যানেল আই’র পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে।’ তারআগে আবুল হায়াত সবাইকে একত্র করার জন্য চ্যানেল আইকে ধন্যবাদ জানান। উনিশের উচ্ছাসে শাইখ সিরাজের নেতৃত্বে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।







