অতীত জয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে ভালো খেলতে চায় বাংলাদেশ। মঙ্গলবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে প্রতিবেশী দেশটির বিপক্ষে নামবে লাল-সবুজের দল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দারুণ কিছু অর্জনের আশাবাদ জানিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
‘ভারতের বিপক্ষে আমাদের টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতাই বেশি। টি-টুয়েন্টি খেললেও ওদের বিপক্ষে ভালো রেকর্ড আছে। উইকেট সম্পর্কেও আমরা জানি। শেষ যখন হ্যামিল্টনে খেলেছি পাকিস্তানের সঙ্গে, উইকেট-কন্ডিশন সম্পর্কে আমাদের ধারনা আছে। আমাদের প্রস্তুতি যতটুকু নেয়ার নিলাম।’
‘বৃষ্টির জন্য আজ অনুশীলন করতে পারিনি। ইনডোরে কিছুটা সময় পার করেছি। তাছাড়া ওই উইকেটে ভালো খেলার অভিজ্ঞতা আছে। আশা করি আমরা ভালো খেলব। আমরা তিনটা ম্যাচের কথা চিন্তা করছি না। কাল যে ম্যাচ ভারতের বিপক্ষে, সেটা নিয়ে চিন্তা করছি।’
২০১৮ সালে এশিয়া কাপ ফাইনালের সুখস্মৃতিও বাংলাদেশকে অনুপ্রেরণা যোগাবে, এমন মনে করেন ডানহাতি উইকেটকিপার-ব্যাটার। সঙ্গে ভারতের শক্তিমত্তাকে বেশ গুরুত্বও দিচ্ছেন অধিনায়ক।
‘২০১৮ সালে এশিয়া কাপ জেতার পর ওদের সঙ্গে সবসময় অন্যরকম আমেজ থাকে, ওদের বিপক্ষে খেলার সময়। অনেক অভিজ্ঞ খেলোয়াড় আমাদের দলে আছে, যারা তাদের সঙ্গে খেলেছে। অবশ্য ভারত এশিয়ার ভেতরে একটা বড় শক্তি। সব বিভাগ মিলিয়ে ভালো খেলার চেষ্টা করব।’
মেয়েদের বিশ্বকাপে গ্রুপপর্বের পঞ্চম ম্যাচে মঙ্গলবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মঙ্গলবার সকাল সাতটায় শুরু হবে খেলা। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে প্রথমবার খেলতে নেমে নিজেদের প্রথম জয়ও তুলে নিয়েছে নিগারের দল।








