আগুন জ্বলতে শুরু করেছিল সেই ইংল্যান্ড সফর থেকেই। যখন ভারতের কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, এটাই তার দেখা সেরা ভারতীয় দল। তখন ইচ্ছেমত ভারতীয় কোচের সমালোচনা করেছিলেন অনেকে।
ইংল্যান্ড সফরের টেস্ট অংশটা ভালো কাটেনি সেই সেরা ভারতীয় দলের। এবার এশিয়া কাপ মিশন। সেটিও দলের নিয়মিত অধিনায়ক ও ব্যাটিং ভরসা বিরাট কোহলিকে ছাড়াই। টুর্নামেন্টে ভারত কেমন করবে সেটা সময়ের হাতেই তোলা আপাতত। কিন্তু মিশন শুরুর আগেই তোপের মুখে শাস্ত্রী। কোনো রাখঢাক না করেই যে ভারতীয় সাবেক চেতন চৌহান বলেছেন, ভারতের কোচের চেয়ার থেকে এবার রবি শাস্ত্রীকে সরানো হোক।
চেতন চৌহানের এই বিস্ফোরক মন্তব্যে ভারতীয় কোচের পদে থাকা শাস্ত্রীর উপর চাপ আরও বাড়ল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ভারতের সাবেক ক্রিকেটার যেভাবে দলটির কোচের সমালোচনা করেছেন, এরআগে আর কেউ এভাবে করেননি। চেতন চৌহান জানিয়েছেন, ‘খালি বড় বড় কথা বললেই যদি সব হতো, তাহলে সমস্যাই থাকত না। সবাই সেটাই করত। ইংল্যান্ডে ভারতের ব্যর্থতার দায় নিতে হবে শাস্ত্রীকে। সে খুব ভালো ধারাভাষ্যকার। অনুরোধ করব, সেই কাজটাতেই ফিরুক। ভারতের কোচিং তাকে দিয়ে হবে না।’
এরআগে সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র শেবাগরাও শাস্ত্রীর সমালোচনা করেছেন। ইংল্যান্ডে ভারত কেনো হারল? চৌহান বলেছেন, ‘ভারত রীতিমতো আত্মসমর্পণ করেছে। তারা এমন খেলবে ভাবিনি। ব্যাপারটা এটা নয় যে তারা দুর্বল। সিরিজ জেতার ক্ষমতা তাদের ছিল। কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ। সাউথ আফ্রিকা সিরিজেও এটা হয়েছে।’
সবশেষে শাস্ত্রীকে আবারও খোঁচা দেন চৌহান, ‘এটা ভারতের সেরা বিদেশ সফরকারী দল? আমি একদমই ব্যাপারটার সঙ্গে একমত হতে পারছি না। আমার মতে ভারতের সেরা সফরকারী দল একটাই। ১৯৮০’র দলটা।’








