‘এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

২০১৯ সালের ‘এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকারের বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পটির জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।
বাসস জানায়, গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এবং তার মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দোকার সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে এই সম্মাননা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রতিবছর যে সকল শহর এবং প্রতিষ্ঠান টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ অর্জন এবং নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের প্রচেষ্টাকে সম্মান জানানোই এই পুরস্কার প্রদানের লক্ষ্য।
‘এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানটি গত ২৩ নভেম্বর আয়োজক সংস্থা ‘দি এসোসিয়েশন অব ল্যান্ডস্কেপ কনসালটেন্ট, হংকং, চায়না কর্তৃক টেকনোলজিক্যাল এন্ড হাইয়ার এডুকেশন ইনস্টিটিউট হংকং এ অনুষ্ঠিত হয়।
ফুকোওকা এশিয়ান আরবান রিসার্চ সেন্টার, এশিয়ান হ্যাবিট্যাট সোসাইটি এবং এশিয়ান টাউনস্কেপ ডিজাইন সোসাইটির সহায়তায় ইউএন-হ্যাবিটেট রিজোনাল অফিস ফর এশিয়া এন্ড দি প্যাসিফিক প্রতি বছর এ পুরস্কার দেয়।
এ বছর এশিয়া প্যাসিফিকের ৮টি দেশের সর্বমোট ৩৬টি প্রকল্প এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।






