২০২০ সালে ভারতকে হারিয়ে আকবর আলী-তাওহীদ হৃদয়দের বিশ্বজয় এখনো দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় অর্জন হয়ে আছে। তার তিন বছরের মাথায় অনূর্ধ্ব-১৯ এর নতুন ব্যাচ জিতেছে এশিয়া কাপ। দুবাই থেকে সোমবার বিকেলে ঢাকায় ফিরেছেন আশিকুর রহমান, আরিফুল ইসলামরা, এবার তাদের চোখ জানুয়ারির বিশ্বকাপে।
বিকেল পৌনে পাঁচটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে পৌঁছায় জুনিয়র টিম টাইগার্স। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা হয়নি মিডিয়া কার্যক্রম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রতিনিধিরা এশিয়া কাপজয়ী দলকে বরণ করে নিয়ে আসবেন মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি ভবনে। সন্ধ্যার পর হবে সংবাদ সম্মেলন।
বাংলাদেশের ছেলেদের ক্রিকেট ইতিহাসে এশিয়া কাপ জয় এটিই প্রথমবার। সেটি উনিশের হাত ধরে এসেছে। মেয়েদের জাতীয় দল ২০১৮ সালে এশিয়া কাপ জিতেছিল। ছেলেদের জাতীয় দল এখন অবধি পারেনি, তিন তিনবার ফাইনাল খেললেও।

আশিকুর রহমানের সেঞ্চুরির পর সম্মিলিত বোলিং পারফরম্যান্সে ফাইনালে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে রেকর্ড ১৯৫ রানে হারিয়ে উপমহাদেশীয় টুর্নামেন্টের ট্রফি জেতে বাংলাদেশ। সেমিফাইনালে ভারতকে হারিয়ে শিরোপার হাত ছোঁয়া দূরত্বে চলে আসে জুনিয়র টিম টাইগার্স।
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই ২০ জানুয়ারি যুব বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এবারও বিশ্বকাপের আয়োজক সাউথ আফ্রিকা। ২০২০ সালে যে দেশ থেকে বিশ্বকাপ নিয়ে এসেছিল আকবরবাহিনী।







