ফরাসি বিশ্বকাপজয়ী তারকা কাইলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে খেলার ইচ্ছায় বিভোর হয়ে আছেন। পিএসজির অবস্থানও অনড়। যেকোনো মূল্যে ধরে রাখা চাই ঘরের ছেলেকে। শেষ চেষ্টা হিসেবে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির চেয়েও বেশি পারিশ্রমিকের প্রস্তাব দেয়ার মনস্থির করেছে ফ্রেঞ্চ জায়ান্টরা।
অর্থের বিচারে পিএসজিকে টক্কর দেয়ার ক্লাব কমই। ফুটবল নক্ষত্রদের নিজ উঠোনে জড়ো করায় জুড়ি নেই ক্লাবটির। এতকিছুর পর কিনা ঘরের ছেলেই থাকতে চায় না ঘরে। মন পড়ে আছে রিয়ালে। সেজন্যই চেষ্টার ত্রুটি রাখছে না পিএসজি।
এমবাপের প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকেও আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পিএসজি, সেটাও কেবল এমবাপের কারণে। জিনেদিন জিদানের কোচিংয়ে খেলার স্বপ্ন ছিল। সেটিতেও আপত্তি করেনি পিএসজি। মাউরিসিও পচেত্তিনোকে বিদায় করে আসছে মৌসুমে জিদান অধ্যায়ের শুরু করার কথা ভেবে রেখেছে ক্লাবটি।
এতকিছুর পরও মন গলছে না এমবাপের। শেষ চেষ্টা হিসেবে তাই মেসি-নেইমারের থেকে বেশি বেতন প্রস্তাবের কথা ভেবে রেখেছে পিএসজি।
বার্ষিক ২০.৫ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে পিএসজিতে আছেন ২৩ বর্ষী ফরোয়ার্ড। যেখানে মেসির বার্ষিক বেতন তার দিগুণের চাইতেও বেশি, ৪৭ মিলিয়ন। দলে রাখতে মেসির এই বেতনের চেয়েও বেশি অর্থ এমবাপেকে দিতে চায় পিএসজি।







