সংসদ সদস্যরা স্থানীয় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি হতে পারবেন না – এই মর্মে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। পাশাপাশি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনায় করা বিশেষ কমিটি বাতিল করে দেয়া রায়ও আপিল বিভাগে বহাল রাখা হয়েছে।
আপিল বিভাগের রায়ে সন্তোষ প্রকাশ করে সংসদ সদস্য মতিন খসরু বলেছেন, এই রায় সবাইকে মানতে হবে।
হাইকোর্টের রায় যথাযথভাবে পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আপিল করবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, হাইকোর্টের রায় প্রকাশের পরই এর কার্যকারিতার বিষয়টি বিবেচনায় আসবে।
গত ১ জুন স্থানীয় সংসদ সদস্যদের ৪টি স্কুল কমিটির সভাপতি পদে থাকার ক্ষমতা বাতিল করে রায় দেন হাইকোর্ট। রায়ে বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০০৯ এর ৫ ধারাকেও বাতিল ঘোষণা করা হয়।
এর ফলে কোনো সংসদ সদস্য স্কুল-কলেজের গভর্নিং বডির সভাপতি হতে পারবেন না বলে জানান রিট আবেদনকারী আইনজীবী ড. ইউনুচ আলী আকন্দ। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ ওই রায় দেন।
ওইদিনই ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিশেষ কমিটিকেও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট।
রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ থেকে আবেদন করা হলে চেম্বার জজ কোনো আদেশ না দিয়ে আপিল বিভাগে ১২ জুন রোববার শুনানির দিন ঠিক করেন। উভয়পক্ষের শুনানি শেষে রোববার সকালে সিদ্ধান্ত জানান আপিল বিভাগ।









