কয়েক বছর ধরে অ্যাপল স্বয়ংক্রিয় গাড়ি আনছে- এমন কানাঘুষা শোনা যাচ্ছিলো, চলছিলো পরীক্ষামূলক চলাচল। কিন্তু এ বিষয়ে অ্যাপলের কর্মকর্তারা গণমাধ্যমে মুখ খোলেননি। তবে সাম্প্রতিক এক দুর্ঘটনার পর স্বয়ংক্রিয় গাড়ির বিষয়টি আর চেপে রাখতে পারলো না অ্যাপল।
২৪ আগস্ট বিশ্বের প্রযুক্তি মোড়লদের পাড়া অর্থাৎ সিলিকন ভ্যালির অ্যাপল কার্যালয় থেকে আরেকটি সংযোগ সড়কে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটায় অ্যাপলের একটি স্বয়ংক্রিয় গাড়ি। অ্যাপলের লেক্সাস আরএক্স ৪৫০ এইচ নামের স্বয়ংক্রিয় গাড়িটি পেছন থেকে ২০১৬ মডেলের একটি নিসান লিফকে ধাক্কা মেরে বসে। দু’টি গাড়ি ক্ষতিগ্রস্থ হলেও এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
ব্যস, এরপর বিষয়টি গড়ায় আদালতে। অপরাধ আদালতে দায়ের করা অভিযোগের পর বেরিয়ে আসে অ্যাপলের স্বয়ংক্রিয় গাড়ি প্রকল্পের তথ্য।
জানা যায়, স্বয়ংক্রিয় গাড়ি প্রকল্পে ৫ হাজার অ্যাপল কর্মী কাজ করছে। তারা স্বয়ংক্রিয় গাড়ির সার্কিট বোর্ড এবং প্রপ্রিয়েটারি চিপ নিয়ে কাজ করছে।
প্রতিযোগি গুগল জনপরিসরে স্বয়ংক্রিয় গাড়ি পরীক্ষা-নিরীক্ষা শুরুর পর অ্যাপলও চুপ করে বসে থাকেনি। স্বয়ংক্রিয় গাড়িতে অ্যাপলের আগ্রহের বিষয়টি প্রকাশ পায় ২০১৬ সালে।
সেবছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থার কাছে স্বয়ংক্রিয় গাড়ির পরীক্ষামূলক চলাচল বন্ধ না করার আহ্বান জানায় অ্যাপল।
এরপর গত বছর যুক্তরাষ্ট্রের ক্যালির্ফোনিয়ায় স্বয়ংক্রিয় গাড়ির পরীক্ষামূলক চলাচলের অনুমতি পায় অ্যাপল। তারপরই রাস্তায় এসব গাড়ির পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। ৬০টি স্বয়ংক্রিয় গাড়ির পরীক্ষামূলক চলাচলের অনুমতি আছে অ্যাপলের।








