কানাডার মন্ট্রিলে গানের সঙ্গে নাচতে গিয়ে মঞ্চ থেকে পড়ে গেলেন শাকিরা! তবে তিনি তো সুপারস্টার, পড়ে গিয়েও ভ্রূক্ষেপ নেই। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে ফিরলেন নিজের নৃত্যজাদু নিয়ে।
এই দুর্ঘটনায় শাকিরার অনুরাগীরা প্রাথমিকভাবে চিন্তিত হলেও মঞ্চে তার ‘কামব্যাক’ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সকলের মুখে একটাই কথা ‘এভাবেও ফিরে আসা যায়’!
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পিপল এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২০ মে কুইবেকের মন্ট্রিলে অনুষ্ঠিত হয় শাকিরার ‘হিপস ডোন্ট’স লাই’। মন্ট্রিলের বেল সেন্টারের মঞ্চে ‘হোয়েন এভার’ গানে পারফর্ম করার সময়ে পিছলে পড়ে যান শাকিরা।
মঞ্চে পড়ে যাওয়ার পরও শাকিরা যেভাবে পরিস্থিতি সামলে গান চালিয়ে গেছেন, তার ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। একজন লেখেন, “এটি দুর্দান্ত একটি উদাহরণ। আশা করছি, তিনি আঘাত পাননি।”
অন্য একজন লেখেন, “বসের মতোই সে নিজের যত্ন নিয়েছে।” অন্য একজন লেখেন, “দৃঢ়তা এবং পেশাদারিত্বের দুর্দান্ত একটি প্রদর্শন। আশা করি, তিনি ভালো আছেন!” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।








