মেসি-সুয়ারেজ-নেইমার। এমএসএন ত্রয়ী। ‘এমএস’ থাকছেন, রেকর্ড দলবদলে ‘এন’ বার্সা ছেড়ে চলে যাচ্ছেন পিএসজিতে। এতে ভাঙছে তিন বছরের অপ্রতিরোধ্য এমএসএন ত্রয়ীর বন্ধন। প্রিয় সতীর্থের এমন বিদায়টা মেনে নিতে কষ্ট হচ্ছে সুয়ারেজের। কষ্টটাকে বুকে চেপেই বন্ধু এবং ‘ছোট ভাই’ নেইমারকে আবেগী বিদায় বার্তা পাঠিয়েছেন তিনি।
২০১৩ সালে নেইমারের বার্সায় আগমন। এর এক বছর পর কাতালানদের দলে নাম লেখান সুয়ারেজ। ন্যু ক্যাম্পে তাকে সাদরে বরণ করে নেন মেসি এবং নেইমার। গড়ে তোলেন ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী আক্রমণভাগ।
পেশাদার ফুটবলারদের জন্য অবশ্য এটাই স্বাভাবিক ঘটনা। সুয়ারেজকেও তাই ব্যথা বুকে নিয়ে মেনে নিতে হচ্ছে কঠিন বাস্তবতা। তাই হৃদয় থেকেই শুভকামনা জানিয়েছেন নেইমারকে, ‘বন্ধু, আগামী দিনগুলোর জন্য তোমাকে শুভকামনা। অনেক সাহায্য পেয়েছি তোমার কাছ থেকে, অনেক কিছু শিখেছি। সেই অসাধারণ সময়গুলোর জন্য তোমাকে ধন্যবাদ।’
গত তিন বছরে একে অপরের পরিপূরক হয়ে উঠেছিলেন মেসি-সুয়ারেজ-নেইমার। পরিসংখ্যানও বলছে সেই কথা। নেইমারের প্রত্যক্ষ পাস থেকে সুয়ারেজের গোল এসেছে ২১টি এবং মেসির ২০টি। তাই নেইমারকে ছোট ভাই সম্বোধন করে সুয়ারেজ অনুরোধ জানিয়েছেন খেলাটা যেন এভাবেই চালিয়ে যান প্রিয় ব্রাজিলিয়ান সতীর্থ, ‘কখনো বদলে যেও না ছোট ভাই। তোমাকে ভালবাসি।’
নেইমারের আরেক বন্ধু-সতীর্থ মেসিও একদিন আগে আবেগঘন বিদায়ী বার্তাই দিয়েছিলেন ব্রাজিলিয়ানকে।







