২০১৮-২০১৯ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে ১১ টায় শেষ হয়েছে। এবার সিটের সংখ্যা গতবারের চেয়ে ৭৫০টি বেড়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা এবং ঢাকার বাইরে মোট ১৯টি কেন্দ্রে ৬৫ হাজার ৯১৯ জন ভর্তিচ্ছু এই পরীক্ষায় অংশগ্রহণ করে। সরকারি এবং বেসরকারি মেডিকেলে মোট আসন সংখ্যা ১০ হাজার ৩০০টি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন কেন্দ্র পরিদর্শন করতে এসে স্বাস্থ্য মন্ত্রী মোঃ নাসিম বলেন, উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের মেধাবী ছাত্র/ছাত্রীরা ভর্তি পরীক্ষার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে যারা মেধাবী ছাত্র/ছাত্রী তারাই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে আমি বিশ্বাস করি। তাছাড়া এবার আমরা সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে আসন সংখ্যা ৭৫০টি বৃদ্ধি করেছি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে আগামী ১০ জানুয়ারী নতুন ৫টি মেডিকেল কলেজের উদ্ধোধন হবে। সেগুলো হলো চাঁদপুর, নওগাঁ, নেত্রকোনা, মাগুরা ও নীলফামারী। সেজন্য আসন সংখ্যা বেড়েছে।
এবার কঠোর নিরাপত্তার ভিতর দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং দ্রুতসময়ের মধ্যে ফলাফল দেওয়া হবে। ভর্তি পরীক্ষায় মোবাইল, ঘড়ি বা যেকোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার নিষিদ্ধ ছিল।







