কয়েকদিন আগে নিজের ইনস্টাগ্রাম থেকে নেইমারের সব ছবি মুছে ফেলেছেন মেসি। এবার ব্রাজিল তারকাকে ছাড়াই অন্য সতীর্থদের সঙ্গে ছবি তুললেন এমএল টেন। এরপর থেকেই প্রশ্নটা বাড়ছে, এই ছবি কী বার্তাই দিচ্ছে, নেইমার এখন আর বার্সার অংশ নেই!
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ খেলতে বার্সেলোনা এখন মিয়ামিতে। রোববার ভোরে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নামার আগে অনুশীলনের পর সতীর্থদের সঙ্গে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন লিওনেল মেসি। ছবিতে অনেকেই আছেন, নেই শুধু বন্ধু নেইমার!
প্রাক-মৌসুমে দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে বার্সা। মজার বিষয় হল জয়ের তিনটি গোলই এসেছে নেইমারের থেকে। এরপরও সতীর্থদের মধ্যে লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে, হাভিয়ের মাশ্চেরানো, জর্ডি আলবা ও অ্যালেক্স ভিদাল মেসির ছবিতে থাকলেও অনুপস্থিত বার্সার দুই ম্যাচের জয়ের নায়ক।
কদিন ধরে বার্সা ছেড়ে নেইমারের পিএসজিতে যাওয়ার জোর গুঞ্জন চারদিকে। একদিন আগে অনুশীলনে সতীর্থের সঙ্গে মারামারির ঘটনা এই গুঞ্জনের পালে হাওয়া বাড়িয়েছে। এবার যোগ হল মেসির ছবি।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, দিবালা ও কৌতিনহোর পর নেইমারের বিকল্প হিসেবে ফরাসি ফরোয়ার্ড অ্যান্টোনে গ্রিজমানকে পাওয়ার জন্য ইতোমধ্যেই তদবির শুরু করে দিয়েছে বার্সেলোনা। কেননা দিবালা এবং কৌতিনহোকে নিজ নিজ ক্লাব ছাড়তে চাইছে না।
গ্রিজমান যদি ক্লাব ছাড়তে রাজি হন তবে তাকে পেতে বার্সেলোনার কষ্ট হওয়ার কথা নয়। কেননা, ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ের রিলিজ ক্লজ ১০০ মিলিয়ন ইউরো। কৌতিনহোকে পেতে ৮০ মিলিয়ন এবং দিবালার জন্য ১২০ মিলিয়ন ইউরো দেয়ার জন্য প্রস্তুত ছিল কাতালান ক্লাবটি। নেইমার চলে গেলে তার রিলিজ ক্লজের মূল্য ২২২ মিলিয়ন ইউরো দিয়ে বার্সা চাইলে গ্রিজমানের মতো দুজনকে কিনতে পারবে।







