এর আগের অনেক সিনেমা দিয়েই নতুন নতুন বক্স অফিস রেকর্ড তৈরি করেছেন সালমান। একটু একটু করে ছাড়িয়ে এসেছেন কয়েকশো কোটি আয়ের রেকর্ডও। এবার কি তবে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন বলিউডের এই দাবাং খান?
বক্স অফিস পারফর্মেন্সে সুলতানের উপর যারপরনাই খুশি সবাই। প্রথম দিনেরই আয় ছিলো প্রায় ৪০ কোটি টাকা। আর ১০০ কোটির ক্লাবে ঢুকতে খুব বেশি হলে প্রয়োজন তিনদিন- এমনটাই বলছেন বক্স অফিস বিশ্লেষকরা।
সারাদেশে প্রায় ৪৫০০ সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে সালমান খান ও অনুশকা শর্মা অভিনীত সুলতান সিনেমাটি। এরই মধ্যে দর্শক রিভিউয়েও খুব ভালো করে এসেছে রেসলিংয়ের উপর নির্মিত এই সিনেমাটি। সিনেমা হলে নির্মাতা ও দর্শকের মধ্যে দেওয়া নেওয়াটাও হয়েছে বেশ। নির্মাতার পকেটে যেমন টাকা উঠে এসেছে তেমন ভক্তদের মনও ভরেছে।
ঈদ মানেই সালমানের সিনেমা। এর আগের বছর বাজরাঙ্গি ভাইজান তার আগের বছর কিক। দুটা সিনেমা-ই কয়েকশো কোটি করে আয় করেছিলো। এবার সেসব রেকর্ড ছাড়িয়ে যাবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।







