অল্পদিনেই আম্পায়ার হিসেবে সুনাম কুড়িয়েছেন সাথিরা জাকির জেসি। বাংলাদেশ নারী দলের সাবেক ক্রিকেটারের সামনে প্রথমবার সুযোগ এসেছে এশিয়া কাপের মঞ্চে আম্পায়ারিং করার। শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মনোনীত করেছে আম্পায়ার হিসেবে অপরিহার্য হয়ে ওঠা জেসিকে।
শনিবার দুপুরে ফেসবুক পোস্টে সুখবর জানিয়ে জেসি লিখেন, ‘আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হল, নতুন মিশন উইমেনস এশিয়া কাপ ২০২৪ (শ্রীলঙ্কা)। ১৮ থেকে ২৮ জুলাই শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপ এর দায়িত্ব পালনের জন্য বিসিবি আমাকে নির্বাচিত করেছে। সবাই দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।’
সিলেটে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ পরিচালনা করেছেন জেসি। তার আগে ছেলেদের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচেও দায়িত্ব পেয়েছেন।
অভিজ্ঞতার ঝুলি নিয়ে জেসি যাচ্ছে এশিয়া কাপে। তারপর ঘরের মাঠেই রয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপ হতে যাচ্ছে জেসির আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার দারুণ মঞ্চ।
ইমার্জিং এশিয়া কাপে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে জেসির। গত বছরের জুনে এটি অনুষ্ঠিত হয়েছে হংকংয়ে। এছাড়া চলতি বছর ফেব্রুয়ারিতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এসিসি প্রিমিয়ার কাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন ধারাভাষ্যকার হিসেবেও সুপরিচিত সব্যসাচী ক্রীড়া ব্যক্তিত্ব।








