‘আজ সন্ধ্যায় চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে দুটি ছবির ছাড়পত্র পেয়েছি। ছবি দুটির ব্যাপারে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা কোনো কর্তন দেননি বা আপত্তি জানাননি। ছাড়পত্রের কাগজ এখন আমার হাতে। এবার ঈদেই সারা দেশে মুক্তি পাচ্ছে “নবাব” ও “বস টু”।’ আজ বুধবার রাতে বললেন আবদুল আজিজ, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার।
তিনি আরও বলেন, ‘আমরা এখন সারা দেশে ছবি দুটি মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা আশা করছি “নবাব” ১২০টি প্রেক্ষাগৃহে আর “বস টু” ৯০–১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।’
চলচ্চিত্র সেন্সর বোর্ডের অন্যতম সদস্য নাসিরুদ্দিন দিলু চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আবদুল আজিজ আমাদের কাছে অঙ্গীকারনামা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, যৌথ প্রযোজনার এই ছবি দুটিতে যেসব অসামঞ্জস্য রয়েছে, ভবিষ্যতে যেন তা আর না হয়, সে ব্যাপারে তারা খেয়াল রাখবেন। আমরা তাকে সুযোগ দিয়েছি। আর ছবি দুটি একদম ঠিক আছে। আপত্তিকর কিছু নেই।’
এই অঙ্গীকারনামা দেওয়ার কথা স্বীকার করেছেন আবদুল আজিজ। তিনি বলেন, ‘শিল্পী, সংলাপ, লোকেশন, কারিগরি দিক—যেসব ব্যাপারে আপত্তি উঠতে পারে, ভবিষ্যতে যাতে তা সমান সমান হয়, সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখব।’

এদিকে যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা করে নির্মিত ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটির ছাড়পত্র না দেওয়ার দাবিতে আজ বুধবার দুপুরে রাজধানীর ইস্কাটন গার্ডেনে চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করে চলচ্চিত্রের ১৪টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। এখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিবারের নেতৃবৃন্দ। এখানে অনেকেই বলেছেন, ‘যে কোনো উপায়ে সারা দেশে এই ছবি দুটির মুক্তি প্রতিহত করা হবে। প্রয়োজনে প্রেক্ষাগৃহে ভাঙচুর হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে।’
এ ব্যাপারে আবদুল আজিজের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘দেশের জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। আমি মনে করি, অবশ্যই সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
এদিকে বুধবার দুপুরে যখন চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করেছে চলচ্চিত্র পরিবার, একই সময়ে ছবি দুটির মুক্তির দাবিতে রাজধানীরর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ‘নবাব’ এবং ‘বস টু’ ছবির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এখানে উপস্থিত ছিলেন কয়েকজন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও শিল্পী এবং পরিবেশক, প্রদর্শক ও বুকিং এজেন্ট জোটের একাংশের নেতাকর্মীরা।
‘বস টু’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিৎস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড। পরিচালনা করেছেন কলকাতার বাবা যাদব ও বাংলাদেশের আবদুল আজিজ। ছবিতে অভিনয় করেছেন জিৎ, শুভশ্রী, নুসরাত ফারিয়া প্রমুখ। ‘নবাব’ ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, অমিত হাসান, রজতাভ দত্ত, সব্যসাচী চক্রবর্তী, খরাজ মুখার্জিসহ অনেকে।







