সামরিক শক্তি বাড়াতে পাকিস্তান অত্যাধুনিক এফ-সিক্সটিন যুদ্ধবিমান কিনতে চাইছে যুক্তরাষ্ট্রের কাছে। তবে দেশটির একসময়ের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এই কেনাকাটায় বাড়তি ছাড় দেবে না বলে দেওয়া ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান।
বন্ধু দেশের এমন আচরণে অভিমানী পাকিস্তান বলছে যুক্তরাষ্ট্র ছাড় না দিলে বিকল্প ভাববে তারা। যুক্তরাষ্ট্রের অনড় অবস্থানের পর পাকিস্তানের হয়ে অভিমান ভরা প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।
আটটি এফ-সিক্সটিন যুদ্ধবিমান কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করেছিলো পাকিস্তান। এই সমঝোতা অনুযায়ী যুদ্ধবিমানের কিনতে রাষ্ট্রীয় কোষাগার থেকে ২’শ ৭০ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছিলো পাকিস্তান। আর বাকী টাকা আসার কথা ছিলো যুক্তরাষ্ট্রের ফরেন মিলিটারি ফিন্যান্সিং ফান্ড থেকে।
কিন্তু যুক্তরাষ্ট্রের কংগ্রেস শুনানিতে সেই অর্থায়ন আশ্বাস আটকে যায়। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা সাফ জানিয়ে দেন পাকিস্তানকে এক ডলারও ছাড় দিতে পারবে না ওবামা প্রশাসন।
এমন হতাশা থেকে বেরিয়ে আসতে এফ-সিক্সটিন কেনার উচ্চাভিলাষী পরিকল্পনা বাদ দিয়ে বরং চীনের সঙ্গে যৌথভাবে তৈরি জেএফ-১৭ থান্ডার জেটের ওপর ভরসা রাখতে চায় পাকিস্তান।










