সকাল থেকে রাজধানীর মতিঝিলের অন্যরকম চেহারা। দেশে ব্যবসায়ীদের নিয়ে গঠিত ৭৮ টি চেম্বার ও ৪৩০ টি এসোসিয়েশনের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই’র দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
ভোটার-প্রার্থী-সমর্থকদের উৎসবমুখরতায় ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯টা থেকে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে ঢাকার ব্যবসায়ীরা যেমন এসেছেন তেমনই এসেছেন দেশের বিভিন্ন জেলার চেম্বার ও এসোসিয়েশনের ভোটাররা।
৩২ টি পরিচালক পদের জন্য ভোট দিচ্ছেন ২১৯৩ জন ভোটার। ভোটের লড়াইয়ে তিনটি প্যানেল। মাতলুব আহমেদর নেতৃত্বে উন্নয়ন পরিষদ, মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ এবং সৈয়দ মোয়াজ্জেমের নেতৃত্ব দিচ্ছেন ব্যবসায়ী ঐক্য পরিষদকে।
মোট ৫২ টি পরিচালক পদে বাকি ২০ টি বিভিন্ন চেম্বার ও এসোসিয়েশনের মনোনীত ব্যক্তিরা পরিচালক হবেন। ৫টা পর্যন্ত ভোটগ্রহণের পর ফলাফলে জয়ীরা প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করবেন ২৫ মে।
হার জিত যার হোক, প্রার্থী ও ভোটারদের প্রত্যাশা, সবাইকে নিয়ে নতুন নেতৃত্বে মধ্যআয়ের বাংলাদেশ গড়ার মিশনে অর্থনীতির গতিকে ত্বরান্বিত করবে।





