সিঁথি সাহা প্রথমবারের মত কোনো মিউজিক ভিডিও জন্য গান করেছেন। ‘আমি তোমাকে চাই’ শিরোনামের এই গানের ভিডিও তৈরি হয়েছে। জি-সিরিজের প্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে তৈরি এই গানের কথা লেখা, সুর করা এবং ভিডিও তৈরি— সবই করা হয়েছে কলকাতায়। গানের কথা লিখেছেন কলকাতার কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ঋক বসু।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ছিল এই ভিডিও গানের প্রকাশনা অনুষ্ঠান। আমব্রিনের উপস্থাপনায় ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্চে অনুষ্ঠিত হয় এই প্রকাশনা। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, ইন্দ্রদীপ দাশগুপ্ত, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, কণ্ঠশিল্পী মেহরিন, ফুয়াদ নাসের বাবু, জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া।
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘সিঁথির গানের শখ ছোটবেলা থেকেই। গানের প্রতি যে নেশাটা থাকা দরকার, সেটা পুরোপুরিই আছে। আমি তার সংগীত ক্যারিয়ারের সাফল্য কামনা করছি।’

ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন, ‘সিঁথির মাধ্যমে এই প্রথম বাংলাদেশের কোনো গানে কাজ করেছি। গানটি অনেক পরিশ্রম করে গেয়েছে সিঁথি। মিউজিক ভিডিওটা করতেও তার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। পরিশ্রমের এ ফসল নিশ্চয় ভালো হবে, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’
মেহরীন বলেন, ‘চমৎকার একটা কম্পোজিশনের গান এটি। আশা করছি তার গানটি ভালভাবেই গ্রহণ করবে।’
সিঁথি বলেন, ‘এই গানের ভিডিও শুটিং করেছি এপ্রিলের মাঝামাঝি কলকাতার বিভিন্ন লোকেশনে। আর ‘বোঝে না সে বোঝে না’ ছবির গানগুলো শোনার পর থেকেই আমি ইন্দ্রদীপ দাশগুপ্তর ভীষণ ফ্যান। পাশাপাশি শ্রীজাতর লেখারও ভক্ত। আমি তাদের সঙ্গে একটা গান করতে চেয়েছিলাম। সেই ভেবে ফেসবুকে আমি ইন্দ্রদীপ দাশগুপ্তর সঙ্গে যোগাযোগ করি। আমার গান শোনার পর তিনিও রাজি হন। এরপর এই গানটা তিনি আমার জন্য করেছেন।’
‘আমি তোমাকে চাই’ গানের ভিডিওর টিজার :








