খেলতে গিয়ে রাজধানীর মহাখালীর দক্ষিণ পাড়ায় স্যুয়ারেজের ডোবায় পড়ে নিখোঁজ হয় ৬ বছরের শিশু সানজিদা। টানা ৬ ঘণ্টা চেষ্টার পরেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
বুধবার বিকেলে রাজধানীর মহাখালি বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাড়ার খোলা জায়গায় খেলতে যায় শিশু সানজিদা। সঙ্গে ছিল আরো দু’জন। হঠাৎই খোলা ডোবায় পড়ে যায় সানজিদা নামের ৬ বছরের ওই শিশু।
স্থানীয়রা জানায়, শিশুগুলো ওই ডোবার পাশেই খেলছিল তখন হঠাৎ করেই সানজিদা ডোবার মধ্যে পড়ে যায়। পরে অন্য শিশুরা গিয়ে বাসায় জানায় তার কথা। পরে সবাই দৌঁড়ে এসে তাদের উদ্ধারের চেষ্টা করে।
শিশুটিকে উদ্ধারে সন্ধ্যায় অভিযানে নামে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। ময়লা পানিতে নেমে উদ্ধারের চেষ্টা চালায় তারা। তবে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও শিশুটির সন্ধান পায়নি ডুবুরিরা। রাত ১২টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোজাম্মেল হক, বাচ্চাটা খুবই ছোট আর পানিটাও খুব ময়লা। ওখানে এমনও ময়লা আছে বাচ্চাটার সমান। সকালে আবার কাজ শুরু করবো।
শিশুটির উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রাখার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।








