রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, মুক্তিযুদ্ধ বিরোধীদের একটি চক্র এখনও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা করছে। তবে বিকৃতিকারীরা সবসময় পরাস্ত হয় এবং আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা জরুরী।
বৃহস্পতিবার বঙ্গভবনে মুক্তিযুদ্ধের ওপর একটি গবেষণাধর্মী বইয়ের মোড়ক উন্মোচন করে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের প্রেক্ষিত, পটভূমি, প্রাথমিক প্রতিরোধসহ সশস্ত্র যুদ্ধের ওপর গবেষণাধর্মী বই ‘নাইনটিন সেভেনটি ওয়ান: রেজিস্টেন্স, রেজিলিয়েন্স অ্যান্ড রিডেম্পশন’ বইয়ের মোড়ক উন্মোচন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
বইটির লেখক রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সারওয়ার হোসেন। অনুষ্ঠানে দীর্ঘ সময়ের গবেষণার ফসল বইটি লেখার উদ্দেশ্য সম্পর্কে ধারণা দেন লেখক।
দশ অধ্যায়ের বইটিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিল উল্লেখ করে রাষ্ট্রপতি গবেষণালব্ধ প্রকাশনাটির সাফল্য কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি চেয়েছিলেন বঙ্গবন্ধু। সবাইকে সেই দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে সাহিত্যিক, লেখক, সাংবাদিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








