ব্যাট হাতে হালকা অনুশীলনে ফিরেছেন। কোনো ব্যথা অনুভব করেননি। বৃহস্পতিবার নাগাদ নামবেন বোলিং, ফিল্ডিংয়ে। সাকিব আল হাসান তবু তাড়াহুড়া করতে চান না। আরও কয়েক দিন দেখেশুনে তারপর ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব বলেন, ‘সবই আস্তে আস্তে শুরু হবে। কাল পরশু থেকে হয়তো ফিল্ডিং ও বোলিং শুরু করবো। সব কিছুর জন্য সময় লাগবে। একবারেই সব শুরু করা সম্ভব হবে না। উন্নতি হতে থাকলে ম্যাচ খেলার কথা চিন্তা করবো।’
আঙুলে পুঁজ জমে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল সাকিবের। দেশের একটি হাসপাতালে পুঁজ বের করে অধিকতর চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যান। ফিরে জানান, আপাতত সার্জারির প্রয়োজন নেই। মাঠে ফেরা নির্ভর করছে সেরে ওঠার পর। যা দুই-তিন মাসও লেগে যেতে পারে। জিম্বাবুয়ে সিরিজে খেলা হচ্ছে না সেকারণে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তাকে পাওয়া যাবে কিনা নিশ্চিত নয় বিসিবি।
সাকিবও এদিন নিশ্চিত করে কিছু বলতে পারেননি, ‘মাত্রই প্রথম ব্যাটিং করলাম। স্পিন দিয়ে আস্তে আসতে শুরু করলাম। প্রথম দিন হিসেবে ভালোই মনে হলো। ব্যথাটা সেভাবে বোঝা যায়নি। সামনে যখন পেসটা বাড়বে, ভলিউম বাড়বে, তখন বোঝা যাবে। জলদি করা যাবে না। এটা হলো প্রথম কথা। কয়েক দিনের ভেতরে বুঝতে পারবো, কী হবে।’
বুধবার ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ দলের একাংশ। বাকিরা আসবেন বৃহস্পতিবার। ঢাকায় এসেই চট্টগ্রামে চলে যাবে ক্যারিবীয় দল। এমএ আজিজ স্টেডিয়ামে ১৮-১৯ নভেম্বর বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২২-২৬ নভেম্বর হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মিরপুরে ৩০ নভেম্বর-০৪ ডিসেম্বর।







